জনতার রায়পুর

জনতার রায়পুর,সত্যের সন্ধানে জনতার কণ্ঠস্বর


জনতার রায়পুর

রায়পুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে জামায়াতের ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান

লক্ষ্মীপুরের রায়পুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের মাঝে পুনর্বাসন সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে এক বান করে ঢেউটিন ও নগদ দুই হাজার টাকা প্রদান করা হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি বাজারসংলগ্ন আশহক ব্যাপারি বাড়িতে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্তদের হাতে এই সহায়তা তুলে দেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আউয়াল রাছেল, সহকারী সেক্রেটারি ও ৪ নম্বর সোনাপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবুল কাসেম, সোনাপুর ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার ইদ্রিস মিয়া, ঢাকাস্থ রায়পুর ফোরামের সভাপতি মাওলানা ইদ্রিস মাদানীসহ স্থানীয় জামায়াত ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সহায়তা বিতরণকালে জেলা জামায়াত আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন, তাদের দুঃখ-দুর্দশার খোঁজখবর নেন এবং সমবেদনা জানান। এ সময় তিনি ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সাধ্যমতো সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর ভোরে রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি বসতঘর ও ছয়টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। আকস্মিক এই অগ্নিকাণ্ডে ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান হারিয়ে পরিবারগুলো সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছিল।

#রায়পুর #লক্ষ্মীপুর
#জামায়াতেইসলামী
#অগ্নিকাণ্ড #সহায়তা

3 weeks ago |[YT] | 1

জনতার রায়পুর

অপ্রতীম হত্যা: প্রকৃত খুনিকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবে পুলিশ—এসপি আসাদুজ্জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতীম (১৩) হত্যার ঘটনায় প্রকৃত খুনিকে গ্রেপ্তার না করা পর্যন্ত ননস্টপ কাজ করার ঘোষণা দিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

পুলিশ সুপার বলেন, ‘তদন্তের স্বার্থে এবং কিছু প্রযুক্তিগত বিষয় বিশ্লেষণে কিছুটা সময় প্রয়োজন। ছোট্ট এই শিশুর মর্মান্তিক মৃত্যু সবাইকে কাঁদিয়েছে। খুব দ্রুতই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তি এবং এর পেছনের মোটিভ উন্মোচন করা হবে।’

তিনি আরও জানান, এ ঘটনায় ইতোমধ্যে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটকের মোবাইল ফোন, লোকেশন এবং অপ্রতীমের অবস্থানের তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এবং মূল অপরাধীরা যেন আত্মগোপনে যেতে না পারে, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ চলছে।

উল্লেখ্য, শুক্রবার বিকালে কোটবাড়ির বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় কুমিল্লা বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতীম। পরে শনিবার ক্যাম্পাসের পার্শ্ববর্তী লালমাই সানন্দা পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এর আগে থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছিল।

#অপ্রতীম_হত্যা #কুমিল্লা_বিশ্ববিদ্যালয় #কুবি_শিক্ষক_পুত্র #কুমিল্লা_নিউজ #বাংলাদেশ_পুলিশ

4 weeks ago |[YT] | 0

জনতার রায়পুর

রায়পুর উপজেলায় বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত: ৩ মাসের মধ্যে পরিচ্ছন্ন রায়পুর গড়ার প্রত্যয়।

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ডেঙ্গু প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রায়পুর উপজেলায় ব্যাপক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে।

অদ্য ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে রায়পুর উপজেলার সকল ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সরকারি প্রতিষ্ঠান প্রাঙ্গণসহ বিভিন্ন জনবহুল স্থানে জমে থাকা স্তূপীকৃত ময়লা-আবর্জনা পরিষ্কার ও অপসারণ করা হয়। উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে পরিচালিত এই কার্যক্রমে এলাকার সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সবার সম্মিলিত সহযোগিতা ও সচেতনতার মাধ্যমে আগামী ০৩ (তিন) মাসের মধ্যে রায়পুর উপজেলাকে একটি পুরোপুরি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর জনপদে রূপান্তর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ডেঙ্গুর বিস্তার রোধে এবং সুস্থ পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে। প্রতি শনিবার যার যার বাড়ি ও কর্মস্থলের চারপাশ নিজ উদ্যোগে পরিষ্কার করার জন্য উৎসাহিত করে বলা হয়েছে "আসুন একসাথে হাত লাগাই, পরিচ্ছন্ন রায়পুর গড়ি।"

জনস্বাস্থ্য রক্ষায় ভবিষ্যতেও এই ধরনের জনসচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

#CleanRaipur
#DenguePrevention
#RaipurUpazila
#GreenRaipur
#CommunityCleanliness

4 weeks ago |[YT] | 0

জনতার রায়পুর

মায়ের পরে যদি কেউ আমাকে সবচেয়ে বেশি ভালোবেসে থাকে, তবে সে ছিল আমার সবচেয়ে আদরের ছোট বোনটা।
আম্মু যখনই আমাকে বকা দিতো, ও তা কিছুতেই সহ্য করতে পারত না।

আম্মুর সামনে গিয়ে দাঁড়িয়ে বলতো "আমার ভাইয়ারে বকা দেও কেন? আমার একমাত্র আদরের ভাইয়া, আমার ভাইয়ারে কেউ বকা দিবা না।"
মায়ের বকা খেয়ে যখনই আমার মন খারাপ হতো, ও ঠিকই আমার পাশে এসে বসতো। নানাভাবে বুঝিয়ে বলতো "ভাইয়া, মন খারাপ করিও না।"
আজ সেই আদরের বোনটি কেবলই স্মৃতি! এক জীবনে এই ভালোবাসার কথা কোনোদিন ভোলা সম্ভব নয়।

রায়পুরে আলোচিত চার খুনের ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র ছেলে সিফাত-এর ছোট বোনকে নিয়ে দেওয়া আবেগঘন ফেসবুক পোস্ট দেন।

লক্ষ্মীপুরের রায়পুরে হৃদয়বিদারক সেই নৃশংস ঘটনা। গত ২৫ জুন সকালে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ধানহাট নদীরপাড় এলাকার একটি ভাড়া বাসায় এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।

ঘাতকের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান সিফাতের মা শাহিনুর বেগম , বড় বোন সায়মা আক্তার , মেজো বোন নাফিসা আক্তার ইকরা এবং তাঁর সবচেয়ে আদরের সেই ছোট বোন ফাতেমা আক্তার শিফা।

হত্যাকাণ্ডের রহস্য এখনো উন্মোচন হয়নি! সিফাত কবে পাবে মা-বোন হত্যার বিচার?

#লক্ষ্মীপুর_হত্যাকাণ্ড #রায়পুর_চার_খুন #সিফাতের_আকুতি #বিচার_চাই #HeartbreakingNews

4 weeks ago |[YT] | 0

জনতার রায়পুর

রায়পুরে জনপ্রিয় ধর্মীয় আলোচক ইমরান বিন বোরহানের ইউপি সদস্য পদে প্রার্থী হওয়ার ঘোষণা

লক্ষ্মীপুরের রায়পুরে তরুণ ধর্মীয় আলোচক ও স্বেচ্ছাসেবী ইমরান বিন বোরহান আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি ৬ নং কেরোয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড থেকে ইউপি সদস্য (মেম্বার) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে নিশ্চিত করেছেন।

স্থানীয় মহলে ইতিবাচক সাড়া
এলাকায় তরুণ এই ইসলামি বক্তার রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। ধর্মীয় আলোচনার পাশাপাশি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে তিনি সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। তার এই প্রার্থীতার ঘোষণায় স্থানীয় যুবসমাজ ও সাধারণ ভোটারদের মাঝে অভূতপূর্ব উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
সেবামূলক কাজের অঙ্গীকার
নির্বাচনে অংশ নেওয়ার পেছনের কারণ সম্পর্কে ইমরান বিন বোরহান জানান, দীর্ঘদিন ধরে তিনি জনগণের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন। জনপ্রতিনিধি নির্বাচিত হলে ৯ নং ওয়ার্ডকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মাদকমুক্ত মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চান। পাশাপাশি এলাকার অবহেলিত মানুষের অধিকার আদায় এবং রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

#ইমরান_বিন_বোরহান #কেরোয়া_ইউনিয়ন #রায়পুর_লক্ষ্মীপুর #স্থানীয়_নির্বাচন২০২৬ #তরুণ_প্রজন্ম

4 weeks ago |[YT] | 0

জনতার রায়পুর

অন্তর্বর্তী সরকারের চেয়েও দেশকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে বর্তমান সরকার: চরমোনাই পীর

৮ সেপ্টেম্বর:
গত নির্বাচন নিয়ে নানা প্রশ্ন থাকা সত্ত্বেও তা মেনে নেওয়া হয়েছিল, তবে অন্তর্বর্তীকালীন সরকারের আমলের চেয়েও বর্তমান সরকার দেশকে আরও খারাপ দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বর্তমান সরকারের পাশাপাশি বিএনপি ও জামায়াতে ইসলামীরও কড়া সমালোচনা করেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের ফজলুল উলুম মাদরাসায় আয়োজিত এক কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

দেশের চলমান পরিস্থিতি ও দুর্নীতির কথা উল্লেখ করে চরমোনাই পীর বলেন, "দেশের রন্ধ্রে রন্ধ্রে এখন দুর্নীতি প্রবেশ করেছে। আমাদের বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে, পাতি শৃগালের কাছে আমরা মুরগি বর্গা দিয়েছি।"

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক আদর্শ নিয়ে প্রশ্ন তোলেন এবং দাবি করেন যে জামায়াত এখন আর কোনো ইসলামী দল নয়। মুফতি রেজাউল করীম বলেন, "জামায়াতে ইসলামী তাদের দলীয় লোগো থেকে ‘আকিমুদ্দিন’ কথাটি উঠিয়ে ফেলেছে, যার ফলে সেখানে ইসলাম কথাটি আর থাকে না। গত নির্বাচনের ইশতেহারেও জামায়াত ইসলাম অনুযায়ী দেশ চালানোর কথা কোথাও উল্লেখ করেনি। এমনকি দলের আমির সে সময় বলেছিলেন—তারা শরিয়াহ অনুযায়ী নয়, প্রচলিত আইনে দেশ চালাবেন।"

জামায়াতের রাজনৈতিক কর্মসূচির সমালোচনা করে তিনি আরও বলেন, "বিদ্যুৎসহ বিভিন্ন দাবিতে তারা লংমার্চ করেছে। অথচ সেখান থেকে ফিরে সংসদে দলের আমির বলেছেন, বিদ্যুতের সমস্যা বর্তমান সরকারের সৃষ্ট নয়। তাহলে এতো তেল-গ্যাস পুড়িয়ে লংমার্চ কেন করা হলো? তাদের এমন দ্বিমুখী আচরণ কেন?"

সমাবেশ শেষে বিএনপিকেও তাদের নির্বাচনি প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেন ইসলামী আন্দোলনের এই শীর্ষ নেতা। তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে বিএনপি ওয়াদা করেছিল ক্ষমতায় গেলে শরিয়াহবিরোধী কোনো আইন করবে না, কিন্তু তারা সে কথা রাখছে না। সংসদে এরই মধ্যে শরিয়াহবিরোধী আইন অনুমোদন দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "তারা যদি শরিয়াহবিরোধী আইন থেকে ফিরে না আসে, তবে আমরা রাজপথে নেমে প্রতিবাদ করতে বাধ্য হবো।

#চরমোনাই_পীর
#ইসলামী_আন্দোলন_বাংলাদেশ
#মুফতি_রেজাউল_করীম
#বাংলাদেশ_রাজনীতি
#দুর্নীতি

1 month ago |[YT] | 1

জনতার রায়পুর

লক্ষ্মীপুরে রেললাইন স্থাপনের সম্ভাব্যতা যাচাই শুরু: সংসদে রেলমন্ত্রী।

দেশের অন্যান্য জেলার সাথে লক্ষ্মীপুর জেলাকেও রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এই লক্ষ্যে ইতোমধ্যে নতুন রেললাইন স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের (ফিজিবিলিটি স্টাডি) কাজ শুরু হয়েছে। জাতীয় সংসদে এক প্রশ্নোত্তর পর্বে রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানিয়েছেন।

সংসদ অধিবেশনে সংসদ সদস্য মারজিয়া বেগম লক্ষ্মীপুরে রেল যোগাযোগের অভাবের বিষয়টি তুলে ধরে একটি প্রশ্ন উত্থাপন করেন। তিনি বলেন, লক্ষ্মীপুর জেলা এখনও জাতীয় রেলওয়ে নেটওয়ার্কের বাইরে থাকায় ওই এলাকার লাখো মানুষের যাতায়াত এবং কৃষি ও বাণিজ্যিক পণ্য পরিবহনে ব্যাপক প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে।

এ সময় তিনি লক্ষ্মীপুর জেলার অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার ও সহজ যোগাযোগের সুবিধার্থে পার্শ্ববর্তী নোয়াখালী, চৌমুহনী বা চাঁদপুর থেকে লক্ষ্মীপুর পর্যন্ত নতুন রেললাইন স্থাপনের কোনো পরিকল্পনা সরকারের আছে কি না—সে বিষয়ে মন্ত্রীর কাছে জানতে চান। একইসাথে তিনি এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাই এবং কবে নাগাদ কার্যকর পদক্ষেপ নেওয়া হবে তা জানতে চেয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন।

প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম দেশের সার্বিক রেল যোগাযোগের চিত্র তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে ৪৯টিতে রেল সংযোগ রয়েছে। বাকি ১৫টি জেলায় এখনও রেল যোগাযোগ নেই। তবে রেল নেটওয়ার্ক সম্প্রসারণের লক্ষ্যে সরকার এই ১৫টি জেলার মধ্য থেকে ১০টি জেলায় নতুন করে রেল সংযোগ স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে, যার মধ্যে লক্ষ্মীপুরও অন্তর্ভুক্ত রয়েছে।

রেলমন্ত্রী সংসদকে আরও জানান, পরিকল্পনাধীন এই ১০টি জেলার মধ্যে মানিকগঞ্জ ও লক্ষ্মীপুরসহ মোট ৫টি জেলায় রেল সংযোগ স্থাপনের সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) ইতোমধ্যেই শুরু হয়েছে। সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হলে নতুন করে যে ১০টি জেলাকে রেল যোগাযোগের আওতায় আনা হবে, তার মধ্যে লক্ষ্মীপুর জেলা বিশেষ প্রাধান্য পাবে বলে তিনি আশ্বস্ত করেন।

লক্ষ্মীপুরে রেল যোগাযোগ স্থাপিত হলে এই অঞ্চলের মানুষের যাতায়াত যেমন সহজ হবে, তেমনি কৃষি ও ব্যবসা-বাণিজ্যেও নতুন দিগন্তের উন্মোচন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

#লক্ষ্মীপুর #বাংলাদেশ_রেলওয়ে #রেলযোগাযোগ #জাতীয়_সংসদ #উন্নয়ন

1 month ago |[YT] | 0

জনতার রায়পুর

আমি কখনো মাথা নত করি না, কখনো নত করিনি। আর সেটা করতে ভুলেও গেছি। আমাকে ভেঙে ফেলা এত সহজ না

আজমেরী হক বাঁধন
অভিনেত্রী

#আজমেরীহকবাঁধন #badon

1 month ago |[YT] | 0

জনতার রায়পুর

রায়পুরে শাহী হোটেল দখলচেষ্টার মামলায় বিএনপির নেতাসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

লক্ষ্মীপুরের রায়পুরে শাহী হোটেল দখলের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেনসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রেজাউল করিম এই আদেশ দেন।

সন্ধ্যায় আদালতের জারিকারক মো. মাসুদ বিষয়টি নিশ্চিত করে জানান, বিচারক মামলাটি আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার এই নির্দেশ দিয়েছেন।

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত প্রধান আসামি ফয়সাল ওরফে শাহরিয়ার ফয়সাল রায়পুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং পৌরসভার দেনায়েতপুর এলাকার আফিল উদ্দিনের ছেলে। মামলার অপর আসামিরা হলেন—উপজেলা যুবদলের সদস্যসচিব হাবিবুর রহমান সুজন পাটওয়ারী, যুবদল নেতা বাপ্পি, মনির হোসেন বাবু, রাসেল এবং জেলা কৃষকদলের সদস্য জামাল হোসেন। তারা প্রত্যেকেই বিএনপি ও এর অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, গত ৩ জুলাই অভিযুক্ত ব্যক্তিরা রায়পুর বাজারের প্রধান সড়কে অবস্থিত ‘শাহী হোটেল’ জোরপূর্বক দখলের চেষ্টা করেন। এ সময় তারা হোটেলের মালিক হাবিব উল্যাকে একাধিকবার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন।

এ ঘটনার পর গত ৮ জুলাই ভুক্তভোগী হাবিব উল্যা বাদী হয়ে সিনিয়র আমলি অঞ্চল (রায়পুর) আদালতে ভূমি নিরোধ আইনে ৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। বাদী হাবিব উল্যা রায়পুর উপজেলার দক্ষিণ কেরোয়া এলাকার মৃত হারিছ মিয়ার ছেলে।

পরবর্তীকালে আদালতের নির্দেশে পুলিশ ঘটনার তদন্ত করে প্রতিবেদন জমা দেয়। সেই পুলিশি প্রতিবেদনের প্রেক্ষিতে সোমবার আদালত বাদী ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্যপ্রমাণ শেষে বিচারক আসামিদের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

#লক্ষ্মীপুর #রায়পুর #গ্রেপ্তারি_পরোয়ানা #হোটেল_দখল #লক্ষ্মীপুর_নিউজ

1 month ago |[YT] | 1

জনতার রায়পুর

১৪০ দিনের আইনি লড়াই শেষে বেওয়ারিশ হিসেবে দাফন হওয়া আফগান নাগরিকের লাশ পেল পরিবার
হাজার মাইলের দূরত্ব, ভিন্ন দেশের সীমান্ত আর আইনি জটিলতা—কোনো কিছুই বাধা হতে পারেনি ভাইয়ের প্রতি ভালোবাসার কাছে। দীর্ঘ ১৪০ দিনের অপেক্ষা আর দুই মাসের আইনি লড়াই শেষে বাংলাদেশের ঝিনাইদহ থেকে ভাইয়ের মরদেহ বুঝে পেয়েছেন এক আফগান নাগরিক। গত ১ সেপ্টেম্বর কবর থেকে তুলে তাঁর কাছে মরদেহটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

ঘটনার সূত্রপাত গত ১৩ এপ্রিল। ঝিনাইদহের মহেশপুর সীমান্ত সংলগ্ন ইছামতী নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিচয় শনাক্ত করতে না পারায় পরদিন ১৪ এপ্রিল তাঁকে 'বেওয়ারিশ' হিসেবে দাফন করা হয়। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মরদেহের একটি ছবি বদলে দেয় পুরো দৃশ্যপট। ছবিটি দেখে আফগানিস্তানে থাকা পরিবার শনাক্ত করে, এটি তাদের আপনজন হাসমত মোহাম্মাদীর মরদেহ, যিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।

ভাইয়ের মরদেহ নিজ দেশে ফিরিয়ে নিতে প্রথমে লন্ডন থেকে বাংলাদেশে ছুটে আসেন তাঁর এক ভাই। তবে আন্তর্জাতিক আইনি ও কূটনৈতিক জটিলতার কারণে মরদেহ না পেয়েই একপর্যায়ে তাঁকে ফিরে যেতে হয়। এরপর হাল ধরেন আরেক ভাই ইমাল মোহাম্মাদী। তিনি সরাসরি আফগানিস্তান থেকে বাংলাদেশে আসেন। প্রায় দুই মাস ধরে তিনি প্রশাসনের বিভিন্ন দপ্তরে ছুটে প্রয়োজনীয় কাগজপত্র ও পরিচয়ের প্রমাণ সংগ্রহ করেন। অবশেষে তাঁর এই অক্লান্ত চেষ্টার পর মেলে মরদেহ উত্তোলনের আইনি অনুমতি।

গত ১ সেপ্টেম্বর, দাফনের ঠিক ১৪০ দিন পর প্রশাসনের উপস্থিতিতে কবরটি খোলা হয় এবং মাটির নিচ থেকে তুলে হাসমতের মরদেহ তাঁর ভাইয়ের হাতে তুলে দেওয়া হয়। এ সময় আঞ্জুমানে মফিদুল ইসলামের এক কর্মী বিস্ময় প্রকাশ করে জানান, দীর্ঘ ১৪০ দিন মাটির নিচে থাকার পরও হাসমতের চেহারা বেশ অক্ষত ও চেনার মতো অবস্থায় ছিল।

ভাইয়ের মরদেহ ফিরে পাওয়ার মাধ্যমে পরিবারের একটি আক্ষেপ ঘুচলেও, হাসমতের মৃত্যু নিয়ে রহস্য এখনো কাটেনি। তিনি কীভাবে আফগানিস্তান থেকে পাকিস্তান ও ভারত হয়ে বাংলাদেশে এলেন, কেনই বা ইছামতী নদীর কাছে গেলেন এবং তাঁর সঙ্গে থাকা কথিত ব্যক্তিদের ভূমিকাই বা কী ছিল—এসব প্রশ্নের উত্তর এখনো অজানা। পরিবারের সন্দেহ, সীমান্ত চোরাকারবারীদের হাতে তিনি হত্যার শিকার হয়েছেন। যদিও ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে মৃত্যুর কারণ হিসেবে হৃদরোগের কথা উল্লেখ করা হয়েছে।

মৃত্যুর প্রকৃত কারণ হয়তো ভবিষ্যতের কোনো সুষ্ঠু তদন্তেই বেরিয়ে আসবে। তবে সব ছাপিয়ে বর্তমানে বড় হয়ে উঠেছে এক ভাইয়ের ভালোবাসার দৃষ্টান্ত। ১৪০ দিন পর আইনি ও ভৌগোলিক সব বাধা পেরিয়ে ভাইয়ের মরদেহ নিজ দেশে ফিরিয়ে নেওয়ার এই ঘটনা প্রমাণ করেছে, সীমান্তের কাঁটাতার কিংবা কবরের মাটি—কোনো কিছুই রক্তের টানকে আটকে রাখতে পারে না।

1 month ago |[YT] | 0